সোমবার টিভিতে ‘স্মার্ট পরিবেশ’, মঙ্গলবার ‘স্মার্ট বিনোদন’ পর্ব

২৫ ডিসেম্বর, ২০২৩ ১৫:৫২  

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণে বিভিন্ন খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অংশীজনদের সমন্বয়ে নির্মিত ‘মিশন ২০৪১: আমিই সল্যুশন’ টেলিভিশন শো-এর ৭ম পর্ব ‘স্মার্ট পরিবেশ’ আজ সোমবার (২৫ ডিসেম্বর) এবং ৮ম পর্ব ‘স্মার্ট বিনোদন’ পর্ব আগামীকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) প্রচার হবে।

‘স্মার্ট পরিবেশ’ পর্বটি সোমবার সন্ধ্যায় চ্যানেল আই, রাতে দীপ্ত টিভি ও শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে একাত্তর টিভিতে প্রচার করা হবে। ‘স্মার্ট বিনোদন’ পর্বটি আগামী মঙ্গলবার সন্ধ্যায় চ্যানেল আই, রাতে দীপ্ত টিভি ও শনিবার (৩০ ডিসেম্বর) সকালে একাত্তর টিভিতে প্রচার করা হবে।

৭ম পর্বে উঠে আসে বাংলাদেশের বর্তমানে পরিবেশের অবস্থা। বর্তমানে বাংলাদেশে বন্যা প্রবণ অঞ্চলগুলোতে কীভাবে প্রযুক্তির ব্যবহার সেইসব অঞ্চলের মানুষদের জীবন সহজ করে তুলেছে এবং তাদের জীবনে ঝুঁকি কমিয়ে আনছে তা দেখানো হয়। বিশিষ্ট পরিবেশবিদদের আলোচনাতে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং বাংলাদেশ কীভাবে এগিয়ে যাচ্ছে বিশ্বমঞ্চে তা নিয়ে পর্যালোচনা করা হয়। এছাড়াও বিভিন্ন সমস্যার সমাধান থেকে শুরু করে বাংলাদেশের ডেল্টা প্ল্যান ২১০০ এর ব্যাপারে আলোচনা উঠে আসে এই পর্বটিতে। এসময় ওয়াটার রিয়েল টাইম মনিটরিং স্মার্ট সল্যুশন নিয়ে উদ্ভাবন দেখানো হয়।

এছাড়াও এই পর্বে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অংশীজন হিসেবে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ডেভেলপমেন্ট (আইসিসিসিএডি)-র পরিচালক ড. সেলিমুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগ-এর অধ্যাপক ও প্রতিষ্ঠাতা সভাপতি ড. তৌহিদা রাশিদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-এর যুগ্মসচিব ড. মোহাম্মদ তাইবুর রহমান, ক্লাইমেট অ্যাক্টিভিস্ট ফারজানা ফারুক ঝুমু, বিডি ক্লিন-এর প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিন এবং আমার সোর্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক এম এইচ এম মাজেদুর রহমান অংশ নেন।

ভবিষ্যতের বিনোদন ব্যবস্থা কেমন হবে, তখন কি মানুষ সবকিছুকে ভিআর সেটের মাধ্যমে অনুভব করতে পারবে? এসব প্রশ্নের উত্তর উঠে আসে ‘স্মার্ট বিনোদন’ পর্বে। দেশের এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি তরুণদেরকে এগিয়ে আসার ব্যপারে এই পর্বে আলোচনা করা হয়। এছাড়াও ভবিষ্যতে বাংলাদেশ এআই প্রযুক্তির ব্যবহার কীভাবে করতে পারে এই স্মার্ট বিনোদন ব্যবস্থাতে তা নিয়ে আলোচনার করা হয়। এসময় ইউটিউব ভিলেজ কীভাবে জনপ্রিয় হয়ে উঠে সোস্যাল মিডিয়াতে যা কীনা বদলে দিয়েছে একটি গ্রামের সকল মানুষের জীবন সে চিত্র তুলে ধরা হয়।

এছাড়াও এই পর্বে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অংশীজন হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, চলচ্চিত্র নির্মাতা ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, সাংবাদিক, গবেষক ও কলামিস্ট আফসান চৌধুরী, সাইবার টিন্স ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা সভাপতি সাদাত রহমান এবং কাস্টঅ্যাওয়ে অন দ্যা মুন (সিওটিএম) এর সহ-প্রতিষ্ঠাতা আরিফা শবনম ।

উল্লেখ্য, এসপায়ার টু ইনোভেট-এটুআই এর হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া (এইচডিমিডিয়া) নির্মিত এই টিভি-শো চলতি মাসজুড়ে (ডিসেম্বর) বিটিভি, সংসদ বাংলাদেশ টেলিভিশন, চ্যানেল আই, একাত্তর টিভি ও দীপ্ত টিভি প্রচারিত হবে। পাশাপাশি চরকি, টফি, বঙ্গ, আইস্ক্রিন, দীপ্তপ্লে, সিনেম্যাটিক, আয়না ও ড্রিমস্ট্রিমসহ বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মসহ এটুআই-এর সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই শো প্রচারিত হবে।

গত সোমবার (৪ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে টেলিভিশনের পর্দায় প্রচার শুরু হয়েছে।